মুক্তবুলি প্রতিবেদক।।
দেশীয় সাংস্কৃতিক সংসদ বরিশাল মহানগর শাখা আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন- নৈতিকতা সম্পন্ন ও আলোকিত মানুষ গড়ার কাজে নিজেকে আমৃত্যু উৎসর্গ করেছিলেন বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়েদুল্লাহ।
দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ মে শনিবার রাতে বরিশাল সংস্কৃতিকেন্দ্র মিলনায়তনে এই স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল মহানগর শাখা সভাপতি মুহাম্মদ আতিকুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আযাদ আলাউদ্দীনের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চল উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ শাহ আলম।
বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল মহানগর শাখার উপদেষ্টা অধ্যাপক সুলতানুল আরেফীন, ফুলকুঁড়ি আসরের বরিশাল মহানগর শাখার সাবেক পরিচালক তৈয়বুর রহমান আজাদ, দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল মহানগর শাখার সহ সভাপতি মো. আবদুল হাই, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাঈফী, আবু জাফর মোহাম্মদ মুসা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন একাধারে একজন দক্ষ সংগঠক, শিক্ষাবিদ, সু-সাহিত্যিক এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। সকল কাজে তিনি তাঁর বিশ্বাসের প্রতিফলন ঘটাতে সদা সচেষ্ট ছিলেন। তাঁর লেখা বইগুলো আজো মানুষকে বিশ্বাসী চেতনায় উদ্বুদ্ধ করে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে।
স্মরণ সভায় ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র লেখা গান পরিবেশন করেন শিল্পী আমিনুর রহমান। স্মরণসভা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
